যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজকে ঘিরে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ না করে বরং বর্তমান বিশ্ব পরিস্থিতিকে ‘পাগলাটে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি উদ্বিগ্ন ছিলাম না। জীবনকে আমি বুঝি-আমরা এক পাগলাটে পৃথিবীতে বাস করছি।”
স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলের প্রবেশপথে এক সন্দেহভাজন বন্দুকধারী প্রবেশ করে। এ সময় গুলির শব্দ শোনা গেলে নিরাপত্তা বাহিনী দ্রুত ট্রাম্প ও তার মন্ত্রিসভার সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ঘটনায় একজন সিক্রেট সার্ভিস সদস্য গুলিবিদ্ধ হন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে শনাক্ত করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এই ব্যক্তি সোমবার ওয়াশিংটনে আদালতে হাজির হতে পারেন বলে জানা গেছে।
কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, প্রেসিডেন্টসহ উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারাই হামলার লক্ষ্যবস্তু হতে পারেন। ঘটনাটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এদিকে ঘটনার মধ্যেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র সফরে আসছেন ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়। বাকিংহাম প্যালেস জানিয়েছে, সফরের মূল সূচিতে পরিবর্তন না আনলেও কিছু অনুষ্ঠানে সামান্য সমন্বয় করা হতে পারে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে এবং সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে উদ্বেগ আরও বাড়িয়েছে।