সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৬ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (২ মে) Directorate General of Health Services-এর নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় চার শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে। একই সময়ে সারা দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে আরও ৪৯ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে গত একদিনে নতুন করে ৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ১ হাজার ২৪ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩৯ হাজার ৩২৫ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২১৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৬ হাজার ৯১১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২৩ হাজার ২২৫ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।