ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিনের ডিএমকে ও এআইএডিএমকের দ্বিমুখী আধিপত্য ভেঙে বিধানসভা নির্বাচনে বড় সাফল্য অর্জন করেছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে দলটিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি টিভিকেকে সরকার গঠনে সমর্থনের অনুমোদন দিয়েছে। কংগ্রেস এমপি শশিকান্ত সেন্টিল এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুরু থেকেই টিভিকেকে সমর্থনের পক্ষে ছিলেন। পরে কংগ্রেসের উচ্চপর্যায়ের বৈঠকে তামিলনাড়ু কংগ্রেস কমিটিকে সরকার গঠনে টিভিকেকে সমর্থনের অনুমতি দেওয়া হয়।
এদিকে বিজয়ের সম্ভাব্য মন্ত্রিসভায় কংগ্রেস দুটি মন্ত্রণালয় পেতে পারে বলেও আলোচনা চলছে। এ বিষয়ে দুই দলের নেতাদের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
তবে সমর্থনের পাশাপাশি কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ শর্তও দিয়েছে। দলটি চায়, টিভিকে যেন এনডিএ বা তাদের কোনো শরিক দলের সঙ্গে, বিশেষ করে এআইএডিএমকের সঙ্গে, কোনো ধরনের জোট না করে।
সরকার গঠনের জন্য এখন বিজয়কে আনুষ্ঠানিকভাবে গভর্নরের কাছে দাবি জানাতে হবে। এরপরই মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণের পথ উন্মুক্ত হবে।
নির্বাচনে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক প্রতিক্রিয়ায় বিজয় বলেন, টিভিকের বর্তমান অবস্থানে পৌঁছানো সহজ ছিল না। নানা সমালোচনা ও বাধা অতিক্রম করেই দলটি মানুষের সমর্থন অর্জন করেছে।
তিনি আরও বলেন, এই বিজয় শুধু একটি রাজনৈতিক দলের নয়, গণতন্ত্রেরও জয়। তামিলনাড়ুর জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি দলের কর্মী, সমর্থক ও অনলাইন কর্মীদের ধন্যবাদ জানান।
সূত্র: এনডিটিভি