মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনা নিরসনে ইরান-এর পক্ষ থেকে দেওয়া একটি সংশোধিত শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্র-এর কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। শান্তি আলোচনা যখন প্রায় স্থবির হয়ে পড়েছে, ঠিক তখনই ইসলামাবাদের এই কূটনৈতিক উদ্যোগের খবর সামনে এলো।
সোমবার (১৮ মে) রয়টার্সকে পাকিস্তানের এক কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, দুই পক্ষের মধ্যে দূরত্ব কমিয়ে সমঝোতায় পৌঁছাতে খুব বেশি সময় হাতে নেই। একই সঙ্গে তারা অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই বারবার নিজেদের অবস্থান ও শর্ত পরিবর্তন করছে।
এদিকে তেহরানে সংবাদ সম্মেলনে ইসমাইল বাকায়ি বলেন, প্রতিবেশী দেশগুলোর প্রতি ইরানের কোনো শত্রুভাবাপন্ন মনোভাব নেই। তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখনও চলমান রয়েছে।
বাকায়ি বলেন, “এ অঞ্চলের জন্য মূল হুমকি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।” তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক ঘটনাবলি থেকে আঞ্চলিক দেশগুলোর, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত-এর শিক্ষা নেওয়া উচিত।
ইরানের এই মুখপাত্র জোর দিয়ে বলেন, তেহরান সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং তাদের সঙ্গে কোনো বিরোধে জড়াতে আগ্রহী নয়।
এছাড়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে নতুন একটি কৌশলগত ব্যবস্থা তৈরির কাজ করছে ইরান বলেও জানান বাকায়ি। এ বিষয়ে ওমান-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে বলে উল্লেখ করেন তিনি।