পপ তারকার শাকিরার দীর্ঘ আইনি লড়াই কর ফাঁকির অভিযোগ থেকে খালাস, ফেরত পাচ্ছেন ৭৬৫ কোটি টাকা।
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস পেয়েছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা Shakira। একই সঙ্গে স্পেনের উচ্চ আদালত তার কাছ থেকে আদায় করা প্রায় ৫৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬৫ কোটি টাকা, সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির রাষ্ট্রীয় কোষাগারকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম BBC News জানিয়েছে, স্পেনের কর কর্তৃপক্ষের অভিযোগ ছিল-২০১১ সালে শাকিরা দেশটিতে ১৮৩ দিনের বেশি সময় অবস্থান করেছিলেন। স্পেনের আইন অনুযায়ী, কেউ বছরে ১৮৩ দিন বা তার বেশি সময় অবস্থান করলে তাকে কর প্রদান করতে হয়। এ যুক্তিতে গায়িকার বিরুদ্ধে বিপুল অঙ্কের কর দাবি করা হয়।
তবে আদালতের রায়ে বলা হয়েছে, উপস্থাপিত তথ্য-প্রমাণ অনুযায়ী ওই বছর শাকিরা স্পেনে মাত্র ১৬৩ দিন অবস্থান করেছিলেন, যা কর প্রদানের নির্ধারিত সময়সীমার চেয়ে ২০ দিন কম। ফলে তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে কর কর্তৃপক্ষ। আদালত আরও উল্লেখ করেন, শাকিরার ওপর আরোপিত জরিমানা ও আর্থিক দাবি আইনগতভাবে টেকসই নয়। তাই তার কাছ থেকে নেওয়া অর্থ ও জরিমানার পুরো টাকা সুদসহ ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রায়ের পর প্রতিক্রিয়ায় শাকিরা বলেন, প্রায় এক দশক ধরে তাকে অপরাধীর মতো উপস্থাপন করা হয়েছে। তার ভাষায়, “সাধারণ করদাতাদের ভয় দেখানোর জন্য আমার নাম ব্যবহার করা হয়েছিল। অথচ কোনো কর ফাঁকির প্রমাণ কখনোই দেখাতে পারেনি প্রশাসন।” তিনি আরও বলেন, দীর্ঘ এই আইনি প্রক্রিয়া তার ব্যক্তিগত জীবন, স্বাস্থ্য এবং পরিবারের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। বহু রাত নির্ঘুম কাটাতে হয়েছে বলেও উল্লেখ করেন এই সংগীতশিল্পী।
বিশ্লেষকদের মতে, এ রায় স্পেনের কর প্রশাসনের কার্যক্রম নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনের উচ্চপ্রোফাইল ব্যক্তিদের বিরুদ্ধে আনা কর-সংক্রান্ত মামলাগুলোতেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা। এদিকে সংগীতাঙ্গনে নতুন করে আলোচনায় রয়েছেন শাকিরা। ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। দীর্ঘ এক যুগ পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরে আসায় ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়েছে।