বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে রাবার ব্যবসাকে কেন্দ্র করে চাঁদা দাবির জেরে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে ইউনিয়ন ছাত্রদলের এক নেতার নামও রয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আহত ব্যবসায়ী, হাসপাতালে চিকিৎসাধীন হামলায় আহত হয়েছেন মো. ওমর ফারুক নামের এক ব্যবসায়ী। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি স্থানীয় ব্যবসায়ী আব্দুস সবুর বাবুলের ছেলে।
চাঁদা দাবির অভিযোগ ভুক্তভোগীর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তাদের রাবার ব্যবসা পরিচালিত হয়ে আসছে। প্রবাসে থাকা পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ওমর ফারুক দেশে থেকে ব্যবসা দেখাশোনা করছিলেন। এ সময় একটি চক্র নিয়মিত চাঁদা দাবি করে এবং একাধিকবার টাকা দিতে বাধ্য করা হয়।
সাম্প্রতিক সময়ে পুনরায় বড় অঙ্কের টাকা দাবি করা হলে বিরোধের সূত্রপাত ঘটে। পরে আলোচনার কথা বলে ডেকে নিয়ে ওমর ফারুকের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
হামলা ও ভাঙচুরের অভিযোগ অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে মারধর করে গুরুতর আহত করে। পাশাপাশি তার মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মাহফুজ আলম (মাসুম), কোরবান আলী (রাজা মিয়া), মনির হোসেন, মো. লিটন ও রফিকুল ইসলাম-যারা সবাই আজিজনগর এলাকার বাসিন্দা।
পুলিশের বক্তব্য লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।