রাজধানীর শাহবাগের ফুটপাতে বসবাসকারী অসহায় গোলাপি বেগমের পুনর্বাসনে নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তারেক রহমান-এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে এই বাড়ি নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও নরসিংদীর রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন। এ সময় সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ২০২৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের এক সমাবেশে গোলাপি বেগমের মানবেতর জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরবর্তীতে মানবিক দৃষ্টিকোণ থেকে তাঁর চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সূত্র জানায়, প্রায় আট মাস ধরে চিকিৎসা ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা করার পর এবার স্থায়ী পুনর্বাসনের অংশ হিসেবে নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য এবং এই ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।