জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)তে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি বলেছেন, এ ধরনের প্রচারের কোনো ভিত্তি নেই এবং এটি নিছক গুজব।
শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে-এর বাংলা টক শোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এর সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।’ তিনি জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা চলছে, তা ভিত্তিহীন।
তিনি বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ছেড়ে দেওয়া বা বহিষ্কৃত হওয়ার পর অন্য অনেক দল যোগাযোগ করবে—এটাই স্বাভাবিক। সেই ধারাবাহিকতায় এনসিপিও যোগাযোগ করেছে। তারা বলেছে, আমাদের সঙ্গে যোগ দিতে। তবে আমি তাদের এপ্রোচে হেসেছি, বিষয়টি নিয়ে আর এগোইনি।’
এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার সুযোগ বাড়বে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে। কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ বিসর্জন দিয়ে কেবল সংসদে কথা বলার সুযোগের জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’