সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি বলেছেন, বিদ্যমান সংবিধানের অধীনে ইতোমধ্যে শপথ নেওয়ায় দ্বিতীয়বার শপথ গ্রহণ আইনগতভাবে সাংঘর্ষিক ও অযৌক্তিক।
শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানিভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে-এর বাংলা টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, বর্তমান সংবিধানের ভিত্তিতেই সরকার পরিচালনা ও বিভিন্ন কার্যক্রম চলছে। শুরুতেই যদি সংবিধান বাতিল করে নতুন কাঠামো ঘোষণার উদ্যোগ নেওয়া হতো, তাহলে দ্বিতীয়বার শপথ নেওয়ার একটি আইনি কাঠামো তৈরি হতে পারত।
তিনি উল্লেখ করেন, বর্তমান সংবিধানের ১০৬ অনুচ্ছেদের অধীনে শপথ গ্রহণের মাধ্যমে সরকারের বৈধতা নির্ধারিত হয়েছে। সে অবস্থায় একই সংবিধানের বাইরে গিয়ে দ্বিতীয়বার শপথ নেওয়ার কোনো সুযোগ নেই।
রুমিন ফারহানা বলেন, ‘প্রথম শপথ যখন বিদ্যমান সংবিধানের অধীনে নেওয়া হয়েছে, তখন দ্বিতীয় শপথ নেওয়া সম্ভব নয়। এতে প্রথম শপথের বৈধতাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।’
তিনি আরও বলেন, সংবিধানের ১০৬ অনুচ্ছেদের প্রয়োগ এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়েও নানা প্রশ্ন ও আলোচনা রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে বিচারকদের পদত্যাগ নিয়েও বিভিন্ন মত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।