জোট রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে সারজিস আলম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের শরিকদের সঙ্গে প্রতারণা করেছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার পোস্টে দাবি করেন, অতীতে জাতীয় সরকার গঠনের কথা বলা হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায়নি। তার মতে, মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে জোটের অন্যান্য দলকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। তিনি উল্লেখ করেন, ২৫ সদস্যের মন্ত্রিসভায় জোট শরিকদের কাউকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি, যা রাজনৈতিক উদারতার অভাব হিসেবে দেখছেন তিনি। পাশাপাশি সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়েও একই ধরনের অসন্তোষ প্রকাশ করেন।
তার অভিযোগ, বিএনপি সংরক্ষিত নারী আসনের ৩৬টি মনোনয়ন নিজেদের দলীয় প্রার্থীদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে এবং জোটের অন্যান্য দলকে কোনো আসন দেওয়া হয়নি। এতে করে জোটসঙ্গীদের প্রতি ন্যূনতম উদারতাও দেখানো হয়নি বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে, তিনি দাবি করেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রাপ্ত আসনের মধ্য থেকে অন্যান্য শরিক দল-এনসিপি, জাগপা ও বাংলাদেশ খেলাফত মজলিসকে আসন ছাড়ার মাধ্যমে উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
সারজিস আলম বলেন, বৃহৎ রাজনৈতিক দলের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা ভবিষ্যৎ রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এতে জোট রাজনীতির প্রতি আস্থা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।