মানিকগঞ্জের সিংগাইরে এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখেন।
স্থানীয় প্রশাসন জানায়, এ সফরে শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনো আনুষ্ঠানিক প্রটোকল ছিল না। এমনকি সরকারি গাড়ির পতাকাও আড়াল করে রাখা হয়েছিল, ফলে আগাম কোনো প্রস্তুতির সুযোগ ছিল না সংশ্লিষ্টদের। পরিদর্শনকালে একটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন মন্ত্রী। জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা দুই কক্ষ পরিদর্শককে অপসারণের নির্দেশ দেন তিনি এবং বিষয়টি বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
সংশ্লিষ্টরা জানান, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতেই এই ধরনের আকস্মিক পরিদর্শন জোরদার করা হচ্ছে।