কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল ইসলাম (৩৬) নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় ১০-১৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ সেখানে এসে হামলা চালায়। প্রথমে রবিউল ইসলামের ওপর আক্রমণ করলে তার চিৎকারে আশপাশের স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। তখন হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন রবিউল ইসলামের বাবা হাফেজ প্রামাণিক (৭০), সোহেল রানা (৪৫), কামরুল ইসলাম (৩৭), তৌহিদুল ইসলাম (৩০), তমা খাতুন (২৬), মুন্নি খাতুন (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০) ও মেরিনা খাতুন (২৫)। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিউল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।