গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১৭০ শিশুর মধ্যে এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মোট চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ঢাকা বিভাগে হাম আক্রান্ত হয়ে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মোট ২৮ হাজার ৩৩৪ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে চার হাজার ৫৯ জন শিশুর শরীরে রোগটি নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৮ হাজার ৮৪৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১৫ হাজার ৭২৮ জন শিশু ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।