গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৮ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে বলে সংস্থাটির নিয়মিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট চার শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সারাদেশে নতুন করে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত ও উপসর্গের সংখ্যা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সময়ে মোট ৩৩ হাজার ৩৮৬ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৯৩ জন শিশু। এছাড়া এ সময়ে হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ২২ হাজার ৪৪২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১৯ হাজার ১৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে সংস্থাটি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। দ্রুত চিকিৎসা গ্রহণ ও প্রাথমিক লক্ষণ শনাক্তের মাধ্যমে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।