রাজধানীর শাপলা চত্বর-এ ২০১৩ সালের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মাওলানা মামুনুল হক।
মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি ওই ঘটনাকে ‘ভয়াল ও বেদনাবিধুর’ হিসেবে উল্লেখ করেন।
মামুনুল হক বলেন, ২০১৩ সালের ৫ মে একটি শান্তিপূর্ণ গণআন্দোলন দমন-পীড়নের শিকার হয়েছিল এবং বহু মানুষ হতাহত হয়। সেই ঘটনার স্মৃতি এখনও জাতির মনে গভীরভাবে বিদ্যমান বলে মন্তব্য করেন তিনি।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, ওইদিন রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মানুষ শাপলা চত্বরে সমবেত হয়। পরবর্তীতে পরিস্থিতি সহিংসতায় রূপ নেয় এবং রাতের দিকে অভিযান চালানো হয় বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিয়ে প্রামাণ্য কাজ করা সম্ভব হয়নি। বর্তমানে ‘শাপলা স্মৃতি সংসদ’-এর মাধ্যমে তথ্য সংগ্রহ ও শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে।
মামুনুল হক জানান, বিভিন্ন সংগঠন এ ঘটনাকে কেন্দ্র করে কর্মসূচি পালন করছে এবং ইতিহাসের এই অধ্যায়ের জাতীয় স্বীকৃতি ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি অব্যাহত রয়েছে।
তিনি বলেন, “শহীদদের রক্তের মর্যাদা রক্ষা এবং সত্য প্রতিষ্ঠার জন্য এই সংগ্রাম চলবে—যতদিন না বিচার নিশ্চিত হয়।”