বাংলাদেশের তৃতীয় নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুন্নাহার নিম্নি
বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করলেন নুরুন্নাহার নিম্নি। দেশের তৃতীয় নারী এবং অষ্টম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন তিনি। বুধবার নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়ান এই নারী পর্বতারোহী। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
২০১২ সালে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট জয় করার পর দীর্ঘ ১৪ বছর পর কোনো বাংলাদেশি নারী বিশ্বের সর্বোচ্চ শিখরে উঠলেন। এবারের অভিযানে বাংলাদেশ থেকে একমাত্র আরোহী ছিলেন নুরুন্নাহার নিম্নি। গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। অভিযানের শুরু থেকেই বৈরী আবহাওয়া ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। কয়েক দফা প্রতিকূলতা কাটিয়ে ২৫ মে আবারও সামিট পুশ শুরু করেন নিম্নি। পরে ক্যাম্প-৪ থেকে চূড়ান্ত আরোহণ শেষে বুধবার ভোরে পৌঁছে যান এভারেস্টের চূড়ায়।
বাংলাদেশের হয়ে প্রথম এভারেস্টজয়ী ছিলেন মুসা ইব্রাহীম, যিনি ২০১০ সালের ২৩ মে শিখরে আরোহণ করেন। এরপর এম এ মুহিত ২০১১ ও ২০১২ সালে দুবার এভারেস্ট জয় করেন। একই বছরে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন। ২০১৩ সালে সজল খালেদ এভারেস্ট জয় করলেও ফেরার পথে প্রাণ হারান। এরপর দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে বাবর আলী আবারও বাংলাদেশের পতাকা ওড়ান এভারেস্টে। ২০২৫ সালে ইকরামুল হাসান শাকিল কক্সবাজার সমুদ্রসৈকত থেকে হেঁটে এভারেস্ট চূড়ায় পৌঁছে আলোচনায় আসেন।
সবশেষে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এবারের অভিযানে অংশ নিয়ে এভারেস্ট জয় করে নতুন ইতিহাস গড়লেন নুরুন্নাহার নিম্নি।