লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্সের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।
হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহত কমান্ডারের নাম মালেক বাল্লুত। তিনি রাদওয়ান ফোর্সের অপারেশনস কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানায়, রাদওয়ান ফোর্সের কয়েকজন নেতা বৈঠক করছিলেন। এ সময় বৈরুতের দক্ষিণ উপশহরের একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে হামলা চালানো হয়।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এক যৌথ বিবৃতিতে জানান, হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের এক কমান্ডারকে লক্ষ্য করেই হামলার নির্দেশ দেওয়া হয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুত এলাকায় এটিই প্রথম ইসরাইলি হামলা। এই হামলার ফলে লেবানন-ইসরাইল সীমান্তের নাজুক যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে পড়তে পারে।