গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং একটি স্বাধীন, সুশৃঙ্খল ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, তথ্যপ্রবাহ ও জবাবদিহিতার বাইরে আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রের টিকে থাকা সম্ভব নয়। তাই অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সময়ের দাবি।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-এ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং, অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যম খাতে কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় না। বরং একটি সহায়ক পরিবেশ তৈরি করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। তিনি উল্লেখ করেন, উন্নত দেশগুলোতে তথ্য মন্ত্রণালয়ের পরিবর্তে স্বাধীন কমিশনের মাধ্যমে গণমাধ্যম পরিচালিত হয় এবং বাংলাদেশও সেই পথ অনুসরণ করছে।
তিনি আরও বলেন, বর্তমানে পত্রিকার সার্কুলেশন বা টেলিভিশনের দর্শকসংখ্যা নিয়ে নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই। এজন্য সরকার যৌথ গবেষণা, ডিজিটাল ডাটা সংগ্রহ এবং নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এতে বিজ্ঞাপনের হার নির্ধারণ ও রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডিজিটাল প্রযুক্তির ঝুঁকি প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে ব্যক্তিগত গোপনীয়তা এখন হুমকির মুখে। বৈশ্বিকভাবে সমন্বিত নীতিমালা না হলে ডিজিটাল বিশ্ব ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এবিএম সাইফুল হোসেন সোহেল ও অঞ্জন চৌধুরী পিন্টুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।