কোটালীপাড়ায় শুরু হলো তিন দিনব্যাপী ‘কবি সুকান্ত মেলা ২০২৬’
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলা সাহিত্যের অমর কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য-এর পৈত্রিক ভিটায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘কবি সুকান্ত মেলা ২০২৬’। বুধবার (১৩ মে) আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সংস্কৃতিকর্মী, সাহিত্যপ্রেমী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মেলা প্রাঙ্গণে কবি সুকান্তের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি এবং লোকজ আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যে সংগ্রাম, মানবতা ও সাম্যের চেতনার প্রতীক হয়ে আছেন। তাঁর সাহিত্যকর্ম নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে চলেছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, দেশের সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণে সরকার কাজ করে যাচ্ছে। কবি সুকান্তের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
মেলা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে গান, নাটক, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা। এছাড়া বইমেলা, গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী এবং শিশু-কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগিতারও ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, আগামী তিন দিন ধরে নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্তের সাহিত্য, জীবন ও আদর্শ তুলে ধরা হবে।