ঈদুল আজহায় কোন সিনেমা কতটা প্রস্তুত?
ঢাকাই চলচ্চিত্রে ঈদ মানেই বড় উৎসব। দর্শকদের জন্য যেমন এটি বিনোদনের বিশেষ সময়, তেমনি নির্মাতা ও প্রযোজকদের জন্যও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মৌসুম। ঈদুল ফিতরের সিনেমা আলোচনার রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে আসন্ন ঈদুল আজহার সিনেমা ঘিরে নতুন উত্তেজনা। বড় বাজেট, নতুন জুটি ও ভিন্নধর্মী গল্প নিয়ে এবারও একাধিক সিনেমা মুক্তির দৌড়ে রয়েছে।
‘রইদ’ নিয়ে বাড়ছে আগ্রহ
আসন্ন ঈদে সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি রইদ। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে পোস্টার, টিজার ও গান প্রকাশের পর থেকেই। সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
‘রকস্টার’ নিয়ে প্রচারে সরব শাকিব খান
ঈদের সিনেমা মানেই এখন দর্শকদের বিশেষ নজর থাকে শাকিব খানকে ঘিরে। এবার তার নতুন সিনেমা রকস্টার নিয়ে চলছে জোর আলোচনা। সিনেমাটিতে দ্বিতীয়বারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। পরিচালনায় রয়েছেন আজমান রুশো। ইতোমধ্যে সিনেমাটির লুক পোস্টার, অ্যানিমেশন টিজার ও ‘পিরিতি’ শিরোনামের গান প্রকাশ পেয়েছে। বর্তমানে শুটিং শেষে সম্পাদনার কাজ চলছে এবং সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
‘মালিক’ নিয়ে কৌতূহল
আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত মালিক নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। নির্মাতা জানিয়েছেন, খুব শিগগিরই ঈদে মুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
দীর্ঘ অপেক্ষার পর ‘মাসুদ রানা’
প্রায় পাঁচ বছর ধরে নির্মাণাধীন মাসুদ রানা অবশেষে মুক্তির প্রস্তুতিতে রয়েছে। নির্মাতা সৈকত নাসির জানিয়েছেন, বাকি থাকা কাজ শেষ হয়েছে। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা এবং তার বিপরীতে রয়েছেন পূজা চেরি। আগামী ২০ মে’র মধ্যে সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অনিশ্চয়তায় ‘পিনিক’
পিনিক সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলী ও আদর আজাদ। জাহিদ জুয়েল পরিচালিত সিনেমাটি একাধিকবার মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়েছে। হল সংকটের কারণে এবারও মুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ঈদ টার্গেটে ‘বিদায়’
বিদায় সিনেমার কাজ এখনও চলছে। এতে অভিনয় করছেন বাপ্পারাজ ও প্রার্থনা ফারদিন দীঘি। মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটির প্যাচওয়ার্কের শুটিং চলছে। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এখনও ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য নিয়েই কাজ চলছে।
মুক্তির প্রস্তুতিতে ‘নাকফুলের কাব্য’
নাকফুলের কাব্য সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেলেও এতদিন মুক্তি পায়নি। এবার কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছে প্রযোজনা সংস্থা। সিনেমাটিতে অভিনয় করেছেন পূজা চেরি ও আদর আজাদ। পরিচালনায় রয়েছেন আলোক হাসান।