প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন United Nations Development Programme (UNDP)-এর বাংলাদেশ কার্যালয়ের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও ইউএনডিপির চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন, উন্নয়ন অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন কার্যক্রমে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহযোগিতার প্রশংসা করেন। অন্যদিকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সংস্থাটির অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।