যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন
জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। বুধবার (৩ জুন) ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় রবিউল ইসলাম নয়নকে অভিনন্দন জানিয়েছেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি তৃণমূল পর্যায় থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সংগঠনের মধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক দক্ষতা, মাঠপর্যায়ে সক্রিয়তা এবং দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার মূল্যায়ন হিসেবেই তাকে কেন্দ্রীয় কমিটিতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পালনের মাধ্যমে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন নেতাকর্মীরা।