তীব্র গরমে মাথা ঘোরা: কী করবেন, কখন সতর্ক হবেন
দেশজুড়ে চলমান তাপপ্রবাহে অনেকেই মাথা ঘোরা, দুর্বলতা ও বমিভাবের মতো সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে পানিশূন্যতা ও লবণের ঘাটতি তৈরি হয়। এর ফলে দেখা দিতে পারে হিট এক্সহসশন-এর লক্ষণ, যা অবহেলা করলে মারাত্মক হিটস্ট্রোক-এ রূপ নিতে পারে।
কেন মাথা ঘোরে
তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হওয়ায় পানি ও প্রয়োজনীয় ইলেকট্রোলাইট কমে যায়। এতে রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে। ফলে মাথা হালকা লাগা, চোখে ঝাপসা দেখা কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
যেসব লক্ষণে সতর্ক হবেন
হঠাৎ মাথা ঘোরা বা দুর্বল লাগা, অতিরিক্ত ঘাম বা ঘাম বন্ধ হয়ে যাওয়া, বমিভাব, মাথাব্যথা ও দ্রুত হৃদস্পন্দন-এসব উপসর্গ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
মাথা ঘোরার পর করণীয়
মাথা ঘোরা শুরু হলে প্রথমেই রোদ থেকে সরে গিয়ে ছায়াযুক্ত বা ঠান্ডা জায়গায় বসে বা শুয়ে পড়তে হবে। পর্যাপ্ত পানি বা ওআরএস পান করা জরুরি। ধীরে ধীরে ঠান্ডা তরল গ্রহণ শরীরের তাপমাত্রা কমাতে সহায়ক। এ ছাড়া মাথা, ঘাড় ও হাতে ভেজা কাপড় ব্যবহার করে শরীর ঠান্ডা রাখা যেতে পারে। টাইট পোশাক ঢিলা করে বাতাস চলাচল নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আশপাশের কারও সহায়তা নিতে হবে।
কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন
যদি কেউ অজ্ঞান হয়ে যায়, শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, বারবার বমি হয় বা কথা জড়িয়ে যায়-তবে তা গুরুতর পরিস্থিতির ইঙ্গিত হতে পারে। এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
প্রতিরোধে করণীয়
তীব্র গরমে অপ্রয়োজনে বাইরে না যাওয়া, নিয়মিত পানি পান করা, হালকা ও ঢিলেঢালা পোশাক পরা এবং বাইরে গেলে ছাতা বা টুপি ব্যবহার করা উচিত। পাশাপাশি অতিরিক্ত গরমে শারীরিক পরিশ্রম কমিয়ে আনা প্রয়োজন।