দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় নতুন মূল্য কাঠামো নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, যা গ্রাহকদের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্যাম অনলাইন-কে নতুন ট্যারিফ অনুযায়ী বিভিন্ন গতির প্যাকেজ পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন নির্ধারিত কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন ৩০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেটের মাসিক সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। ১০০ এমবিপিএস গতির জন্য গ্রাহককে দিতে হবে সর্বোচ্চ ১০০০ টাকা। আর সর্বোচ্চ ২৫০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবার মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০০ টাকা।
বিটিআরসি জানিয়েছে, ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে এই নতুন মূল্য তালিকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সেবার মান নিশ্চিত করার শর্তে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ চালুর অনুমতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও ১:৮ নির্ধারণ করা হয়েছে, যাতে গ্রাহকরা নির্ধারিত গতির কাছাকাছি সেবা পান। নিয়ন্ত্রক সংস্থার মতে, গ্রাহকদের উন্নত সেবা অভিজ্ঞতা নিশ্চিত করা এবং সারা দেশে ইন্টারনেট সেবার সমতা বজায় রাখার লক্ষ্যেই এই সমন্বিত মূল্য কাঠামো চালু করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই ট্যারিফ বাস্তবায়িত হলে উচ্চগতির ইন্টারনেট আরও সাশ্রয়ী হবে এবং ডিজিটাল সেবার প্রসার ত্বরান্বিত হবে।