চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে অবস্থিত এক বিস্ময়কর প্রাকৃতিক জলধারা ‘হুয়ালাই’—যাকে বিশ্বের সবচেয়ে সরু নদীগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। প্রথম দেখায় এটি অনেকের কাছে নালা বা সরু খালের মতো মনে হলেও বাস্তবে এটি একটি পূর্ণাঙ্গ নদী, যার প্রস্থ এতটাই কম যে এক লাফেই অনায়াসে পার হওয়া সম্ভব। প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এই নদীর গড় প্রস্থ মাত্র ১৫ সেন্টিমিটার। আরও আশ্চর্যের বিষয় হলো, কিছু স্থানে এর প্রস্থ নেমে আসে মাত্র ৪ সেন্টিমিটারে। ফলে অনেক সময় একটি খাতা বা ছোট বস্তু দিয়েও এটি অতিক্রম করার মতো অবস্থা তৈরি হয়।
কেন ‘নদী’ হিসেবেই স্বীকৃতি? বিশেষজ্ঞদের মতে, প্রস্থে ছোট হলেও নদী হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যে মৌলিক বৈশিষ্ট্য প্রয়োজন, হুয়ালাই তা পূরণ করে। এটি হাজার বছরের বেশি সময় ধরে একই গতিপথে প্রবাহিত হচ্ছে এবং এর পানি আসে ভূগর্ভস্থ ঝরনা থেকে। ফলে সারা বছরই এতে স্বচ্ছ পানির স্রোত বজায় থাকে। পাশাপাশি এর একটি সুসংজ্ঞায়িত অববাহিকা ও প্লাবনভূমি রয়েছে, যা এটিকে প্রকৃত অর্থেই একটি নদী হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে।
‘বুক ব্রিজ রিভার’ নামের গল্প স্থানীয়দের কাছে হুয়ালাই নদী ‘বুক ব্রিজ রিভার’ নামেও পরিচিত। লোককথা অনুযায়ী, এক শিশু নদী পার হওয়ার সময় হোঁচট খেয়ে তার বইগুলো পানির ওপর ফেলে দেয়। সেই বইগুলো নাকি পিঁপড়াদের জন্য সেতু হিসেবে কাজ করেছিল। সেখান থেকেই এই নামের প্রচলন।
প্রকৃতি ও জীববৈচিত্র্যের অংশ হুয়ালাই নদীর গড় গভীরতা প্রায় ৫০ সেন্টিমিটার এবং এর পানি অত্যন্ত স্বচ্ছ। নদীটি হেক্সিগট্যান গ্রাসল্যান্ড ন্যাচার রিজার্ভ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দালাই নুর লেক-এ গিয়ে মিশেছে। স্থানীয় কৃষকেরা এই পানি সেচের কাজে ব্যবহার করেন এবং বন্যপ্রাণীর জন্যও এটি গুরুত্বপূর্ণ পানির উৎস। বিশ্বের অদ্ভুত ও বিস্ময়কর প্রাকৃতিক গঠনের তালিকায় হুয়ালাই নদী তার ব্যতিক্রমী সরু আকৃতির জন্য আলাদা করে নজর কাড়ে। গবেষক ও পর্যটকদের কাছেও এটি এক অনন্য আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।