বিশ্বকাপ ভক্তদের জন্য ভিসা শর্ত শিথিল করল যুক্তরাষ্ট্র
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বকাপের টিকিটধারী সমর্থকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা জামানত শর্ত শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বৈধ বিশ্বকাপ ম্যাচের টিকিট দেখাতে পারলে ৫০টি দেশের নাগরিক এই সুবিধা পাবেন সুবিধাপ্রাপ্ত দেশগুলোর তালিকায় রয়েছে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল এবং তিউনিসিয়াসহ বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সমর্থকরা।
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরাহ নামদার বলেন, বিশ্বকাপের বৈধ টিকিটধারী যোগ্য সমর্থকদের জন্য ভিসা বন্ড মওকুফ করা হচ্ছে। গত বছর চালু হওয়া এ কর্মসূচির আওতায় নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ১৫ হাজার ডলার জামানত জমা দিতে হতো। প্রশাসনের ভাষ্য ছিল, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান ঠেকাতে এই নীতি নেওয়া হয়েছিল। এর আগে বিশ্বকাপ-সংশ্লিষ্ট খেলোয়াড় ও কোচদের এ শর্ত থেকে অব্যাহতি দেওয়া হলেও সাধারণ দর্শকরা সেই সুবিধার বাইরে ছিলেন।
গত আগস্টে চালু হওয়া ১২ মাসের পরীক্ষামূলক এ কর্মসূচি ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে বিবেচিত হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব দেশের নাগরিকদের ভিসা যাচাই প্রক্রিয়া দুর্বল বা মেয়াদোত্তীর্ণের ঝুঁকি বেশি বলে মনে করা হয়, তাদের জন্যই মূলত এ বন্ড নীতি কার্যকর ছিল। এদিকে ফিফা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংস্থাটি বলেছে, সফল ও স্মরণীয় বিশ্বকাপ আয়োজনের অংশ হিসেবেই হোয়াইট হাউসের সঙ্গে সমন্বয় করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে সব দেশের নাগরিক এ সুবিধা পাচ্ছেন না। ইরান ও হাইতির নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের বিদ্যমান ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ ছাড়া আইভরি কোস্ট ও সেনেগালের নাগরিকদের ক্ষেত্রেও কিছু আংশিক বিধিনিষেধ বহাল রয়েছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যাচাইসহ বাড়তি নজরদারির কারণে বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে যাওয়া অনেক সমর্থককে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ বা প্রবেশ জটিলতার মুখে পড়তে হতে পারে।