শ্রীপুরে সাবেক মেয়র ও আ. লীগ নেতা আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল
গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান এবং তার ছোট বোন রাশিদা খাতুনের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১১টায় শ্রীপুরের মাধখলা এলাকায় তাদের নিজ বাসভবনের পাশে অবস্থিত ইংলিশ এডুকেয়ার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, সামাজিক ও পেশাজীবী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে পুরো এলাকা শোকাবহ পরিবেশে পরিণত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত মুসল্লিরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৬৫ বছর বয়সী আনিছুর রহমান রোববার (৭ জুন) বিকেলে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, হৃদ্রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস গ্রহণ করতেন। রোববার ডায়ালাইসিসের জন্য হাসপাতালে গেলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে বিকেল ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট বোন রাশিদা খাতুন (৬২) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে একই দিন বিকেলে তিনিও মারা যান। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।