ইসরাইলের বড় শহরে স্থাপিত হবে শিবাজি মহারাজের বিশাল ভাস্কর্য
ভারত ও ইসরাইলের সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে ইসরাইলে ছত্রপতি শিবাজি মহারাজের একটি বৃহৎ ভাস্কর্য স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির কূটনৈতিক মিশন। শিব রাজ্যাভিষেক দিবস উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন ইসরাইলের কনসাল জেনারেল ইয়ানিভ রেভাচ।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের ইতিহাস ও সংস্কৃতিতে ছত্রপতি শিবাজি মহারাজের গুরুত্ব সম্পর্কে ইসরাইল অবগত। সেই সম্মান ও শ্রদ্ধার জায়গা থেকেই ইসরাইলে তার একটি বৃহৎ ভাস্কর্য নির্মাণ ও স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রেভাচ জানান, এটি কেবল একটি স্মারক নির্মাণ প্রকল্প নয়; বরং ভারত ও ইসরাইলের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর ও অর্থবহ করে তোলার দীর্ঘমেয়াদি প্রচেষ্টার অংশ। পরিকল্পনা অনুযায়ী, ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ শহরে এই ভাস্কর্য স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, শিবাজি মহারাজের ইতিহাস, ঐতিহ্য ও অবদান যথাযথভাবে তুলে ধরতে দেবেন্দ্র ফড়নবিস-এর সহযোগিতা চেয়েছে ইসরাইল। বিশেষ করে ভাস্কর্যের নকশা, ঐতিহাসিক তথ্য এবং শিল্পকলা-সংক্রান্ত বিষয়গুলোতে সহায়তার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে মহারাষ্ট্র সরকার ইতোমধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানান তিনি।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে ইসরাইলি কূটনীতিক উল্লেখ করেন, ইসরাইলে ছত্রপতি শিবাজি মহারাজের ভাস্কর্য স্থাপন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠতে পারে। একই সঙ্গে মহারাষ্ট্র ও ভারতের ইহুদি সম্প্রদায়ের সঙ্গে ইসরাইলের ঐতিহাসিক সংযোগের বিষয়টিও এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিয়েছে।
রেভাচ বলেন, ভারতের বিভিন্ন অঞ্চলে সফরের সময় তিনি ইসরাইল ও দেশটির জাতীয় বীরদের প্রতি মানুষের শ্রদ্ধা ও আগ্রহ প্রত্যক্ষ করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই ইসরাইলের জনগণের কাছে ছত্রপতি শিবাজি মহারাজের জীবন, সংগ্রাম ও অবদান তুলে ধরার প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছে।
তার ভাষায়, পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের চেতনাকে আরও শক্তিশালী করতেই মুম্বাইয়ে ইসরাইলের কনস্যুলেট জেনারেল এই উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে ইসরাইলের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, শিব রাজ্যাভিষেক দিবসে এমন ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি এই উদ্যোগের জন্য ইসরাইলের কনসাল জেনারেলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইসরাইলে ছত্রপতি শিবাজি মহারাজের ভাস্কর্য নির্মাণ ও স্থাপনের কাজে মহারাষ্ট্র সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে তা শুধু একটি ঐতিহাসিক ব্যক্তিত্বকে সম্মান জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং ভারত ও ইসরাইলের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের নতুন এক প্রতীক হিসেবেও বিবেচিত হবে।