কৃষি খাতে জ্বালানি ব্যয় কমাতে ধাপে ধাপে সোলারভিত্তিক সেচ ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন। তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং কৃষি আরও লাভজনক হয়ে উঠবে।
শুক্রবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার এলাকায় ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোলার সিস্টেমে সেচ, কমবে খরচ মন্ত্রী জানান, ডিপ টিউবওয়েল ও শ্যালো মেশিনে সোলার প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকদের ভর্তুকি দেওয়া হবে, ফলে তারা অর্ধেক খরচে সোলার সুবিধা গ্রহণ করতে পারবেন।
কৃষক কার্ড ও ভর্তুকি কর্মসূচি তিনি বলেন, কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ কার্যক্রম চালু করা হয়েছে, যা নির্বাচনী অঙ্গীকারের অংশ। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষক পরিবারের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার।
কৃষিকে আধুনিকায়নের লক্ষ্য মন্ত্রী আরও বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। এই বৃহৎ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা গেলে জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। কৃষিকে প্রযুক্তিনির্ভর ও টেকসই খাতে রূপান্তরের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে উপস্থিতি কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১ হাজার ৪৫৮ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়।