কালবৈশাখীর তাণ্ডবে ঠাকুরগাঁওয়ে ব্যাপক ক্ষতি, ঘরবাড়ি বিধ্বস্ত
হঠাৎ আঘাত হানা কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে একাধিক পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে আকস্মিকভাবে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। স্থানীয়দের মতে, খুব অল্প সময়ের মধ্যেই ঝড়ের তীব্রতা বেড়ে গিয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাকশিড়ি এলাকায় প্রবল বাতাসে একটি বড় গাছ ভেঙে পড়ে নিজাম উদ্দিন নামের এক ব্যক্তির বসতঘরের ওপর। এতে তিনি ঘরের ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।
ঝড়ের আঘাতে নিজাম উদ্দিন ছাড়াও লালন, নাজমুল ও নুর আলমসহ চার পরিবারের অন্তত ছয়টি ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার ঘর হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে।
এদিকে ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার কৃষি খাতেও ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের মতে, ভুট্টা, পাট ও মরিচের ক্ষেত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবীর জানান, প্রাথমিকভাবে কিছু এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠপর্যায়ে কাজ চলছে।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।