দেশজুড়ে ৭২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি
টিসিবির ট্রাকসেলে মিলবে তেল, চিনি ও ডাল; জানা গেল দাম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ। ১২ মে থেকে ২১ মে পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চলবে।
টিসিবির প্রকাশিত তথ্য অনুযায়ী, ট্রাকসেলের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। প্রতি লিটার ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা। এছাড়া প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং মসুর ডাল ৭০ টাকায় বিক্রি হবে।
এর আগে রমজান উপলক্ষে টিসিবি ভোজ্যতেল ১১৫ টাকায় বিক্রি করলেও এবার তেলের দাম কিছুটা বাড়ানো হয়েছে। তবে চিনি ও মসুর ডালের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, রাজধানী ঢাকায় প্রতিদিন ৫০টি এবং চট্টগ্রামে ২০টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহর ও জেলাগুলোতেও নির্ধারিত সংখ্যক ট্রাক পরিচালনা করা হবে। সারা দেশে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাক এ কার্যক্রমে অংশ নেবে।
টিসিবির তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন প্রায় ৪০০ জন ক্রেতা নির্ধারিত দামে পণ্য কিনতে পারবেন। এই কর্মসূচির আওতায় প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষের কাছে পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
একজন ক্রেতা একবারে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।