এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। সোমবার (১৮ মে) সকাল ১০টায় শুরু হওয়া এ সভায় দেশের আগামী অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্তকরণ ও অনুমোদনের বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন অর্থবছরের উন্নয়ন বাজেটে অবকাঠামো, কর্মসংস্থান, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।
এ ছাড়া সভায় ‘Five Year Strategic Framework for Reform and Development (FYSF 2026–2030)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখাও উপস্থাপন করা হচ্ছে। পরিকল্পনাটিতে আগামী পাঁচ বছরে টেকসই উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সক্ষমতা জোরদারের বিভিন্ন দিক অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।
সরকারের নীতিনির্ধারকরা বলছেন, নতুন এ কৌশলপত্র দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে অর্থনৈতিক সংস্কার ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সভায় মন্ত্রিপরিষদের সদস্য, পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।