স্বাস্থ্য ডেস্ক
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাৎক্ষণিক ফল না মিললেও কিছু সহজ ঘরোয়া পদ্ধতি নিয়মিত অনুসরণ করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
ছোলা ভেজানো পানি
বিশেষজ্ঞদের মতে, ছোলায় রয়েছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য উপকারী। রাতে ছোলা ভিজিয়ে রেখে সকালে সেই পানি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। একই সঙ্গে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখতে পারে।
মেথি ভেজানো পানি
মেথিতে উচ্চমাত্রার ফাইবার থাকে, যা কার্বোহাইড্রেট শোষণের গতি কমাতে সাহায্য করে। রাতে এক চামচ মেথি পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি পান করলে উপকার পাওয়া যেতে পারে।
দারুচিনি
দারুচিনি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সহায়ক হিসেবে বিবেচিত। প্রতিদিন অল্প পরিমাণে দারুচিনি চা বা খাবারের সঙ্গে গ্রহণ করলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে।
করলার রস
করলায় থাকা চারাটিন ও মোমর্ডিসিন উপাদান রক্তে শর্করা কমাতে ভূমিকা রাখে বলে ধারণা করা হয়। নিয়মিত অল্প পরিমাণ করলার রস পান ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
নিয়মিত ব্যায়াম
খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত শারীরিক পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম করলে শরীরের কোষগুলো রক্তের গ্লুকোজ ব্যবহার করতে পারে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক।
সতর্কতা
বিশেষজ্ঞরা বলছেন, এসব পদ্ধতি সহায়ক হলেও এগুলো কোনো চিকিৎসার বিকল্প নয়। ডায়াবেটিস রোগীদের অবশ্যই নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করতে হবে এবং নতুন কোনো খাদ্যাভ্যাস শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।