সাভারে অনুষ্ঠিত হয়েছে ৫ম হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার দিনব্যাপী এ আয়োজন করে সমাজকল্যাণমূলক সংগঠন ইনতিসার ফাউন্ডেশন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বিভিন্ন ক্যাটাগরিতে মেধা তালিকায় শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা ড. আবুল কালাম আজাদ বাশার। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোরআনের হাফেজরা সমাজের আলোকিত মানুষ এবং জাতির গর্ব। দ্বীনি শিক্ষার প্রসারে সরকারের আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে ক্ষুদে শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।