স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার (৯ মে) লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলোআপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন।
সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তার সঙ্গে থাকবেন।
স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।