হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ধান-চাল সংগ্রহ কার্যক্রম এগিয়ে এনেছে সরকার। পূর্বনির্ধারিত ১৫ মের পরিবর্তে রোববার (৩ মে) থেকেই এ কার্যক্রম শুরু হচ্ছে।
শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ-এই ছয় জেলার কৃষকদের উৎপাদিত বোরো ধান ও চাল সংরক্ষণ এবং ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ নিশ্চিত করতেই এ উদ্যোগ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের অন্যান্য জেলায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে।
চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল এবং ১ লাখ টন আতপ চাল।
সরকার নির্ধারিত দরে প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকায় কেনা হবে। পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার টন গম সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।
এই সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।