নতুন জামা থেকে রং ওঠা ঠেকাতে কী করবেন? জেনে নিন সহজ উপায়
নতুন পোশাক কিনে কয়েকবার ব্যবহারের পর ধোয়ার সময় অনেকেই একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন-জামা থেকে রং ওঠা। বিশেষ করে গাঢ় রঙের পোশাক পানিতে ভেজানোর সঙ্গে সঙ্গেই রং ছাড়তে শুরু করে, যা কাপড়ের উজ্জ্বলতা কমিয়ে দিতে পারে। তবে ঘরোয়া একটি সহজ উপায় অনুসরণ করলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, কাপড় ধোয়ার আগে লবণ ব্যবহার করলে পোশাকের রং দীর্ঘদিন অটুট রাখতে সহায়তা করে। লবণ কাপড়ে জমে থাকা ময়লা, খনিজ পদার্থ ও সাবানের অবশিষ্টাংশ আলগা করে দেয়। ফলে কাপড় পরিষ্কার হওয়ার পাশাপাশি রং ফিকে হওয়ার ঝুঁকিও কমে।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে পোশাক ঠান্ডা পানিতে ভিজিয়ে নিন। এরপর অতিরিক্ত পানি ঝরিয়ে কাপড়ে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। চাইলে এক বালতি পানিতে আধা কাপ লবণ মিশিয়ে তাতে পোশাক আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে পারেন। নির্ধারিত সময় পর স্বাভাবিক নিয়মে কাপড় ধুয়ে ফেলুন। এ পদ্ধতি অনুসরণ করলে পোশাকের রং তুলনামূলকভাবে স্থায়ী থাকে এবং কাপড়ের স্বাভাবিক উজ্জ্বলতাও বজায় থাকে।
ওয়াশিং মেশিনে কাপড় ধুলে
যারা ওয়াশিং মেশিন ব্যবহার করেন, তারা ডিটারজেন্টের সঙ্গে আধা কাপ লবণ মিশিয়ে নিতে পারেন। এ ক্ষেত্রে মোটা দানার লবণ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। লবণ কাপড়ের ময়লা ও খনিজ কণা পরিষ্কারে সহায়ক ভূমিকা রাখে। পাশাপাশি ধোয়ার সময় অতিরিক্ত রং পানিতে মিশে যাওয়ার প্রবণতাও কমাতে সাহায্য করে।
আরও কিছু সতর্কতা
নতুন রঙিন পোশাক প্রথম কয়েকবার আলাদা করে ধুতে চেষ্টা করুন। গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি ব্যবহার করুন।
কাপড় দীর্ঘ সময় ডিটারজেন্ট পানিতে ভিজিয়ে রাখবেন না।
সরাসরি তীব্র রোদে শুকানোর বদলে ছায়াযুক্ত স্থানে শুকালে রং দীর্ঘদিন ভালো থাকে। সঠিক যত্ন ও কিছু সহজ কৌশল অনুসরণ করলে নতুন পোশাকের রং ও উজ্জ্বলতা দীর্ঘদিন ধরে বজায় রাখা সম্ভব।