ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ
বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে করা এক বক্তব্যকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বিতর্কের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় রাষ্ট্রদ্রোহসহ একাধিক অভিযোগে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।
অভিযোগটি দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিংকু চট্টোপাধ্যায় সিং। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ভারতের সাংবিধানিক কাঠামো ও আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২ জুন কলকাতার রানি রাসমণি স্মারক প্রাঙ্গণে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশের রাজনীতিক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা রয়েছে।
অভিযোগকারী আইনজীবীর মতে, প্রতিবেশী দেশের মাটিতে সংঘটিত একটি হত্যাকাণ্ডে ভারতের কেন্দ্রীয় সরকারের সম্পৃক্ততার অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। একই সঙ্গে এ ধরনের বক্তব্য ভারত ও বাংলাদেশের মধ্যকার পারস্পরিক আস্থা ও কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তিনি অভিযোগ করেন।
লিখিত আবেদনে আরও বলা হয়েছে, এমন মন্তব্য প্রতিবেশী বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রেও ঝুঁকি সৃষ্টি করতে পারে।
এছাড়া আইনজীবী রিংকু চট্টোপাধ্যায় সিং অভিযোগ করেন, সাম্প্রতিক কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতেও মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, সাবেক মুখ্যমন্ত্রীর এমন বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং তা সামাজিক উত্তেজনা বৃদ্ধির কারণ হতে পারে।
এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারায় মামলা গ্রহণের আবেদন করা হয়েছে। অভিযোগে ১৫২, ১৫৩, ১৫৩এ, ১৯১, ১৯২, ১৯৬, ৩৫১, ৩৫২ ও ৩৫৩ ধারার উল্লেখ রয়েছে।
অভিযোগকারী আইনজীবী জানিয়েছেন, আগামী ৮ জুন আদালত খোলার পর তিনি বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানাবেন। একই সঙ্গে তিনি ঘটনাটির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।