ভারত বিশ্বকাপে স্বল্প মূল্যে সম্প্রচার স্বত্ব পেল
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে সম্প্রচার স্বত্ব নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে ভারত। শেষ পর্যন্ত বড় অঙ্কের ছাড়ে ফিফা–র কাছ থেকে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিশ্চিত করেছে দেশটি। ফলে ভারতীয় দর্শকরা তুলনামূলক কম খরচে বিশ্বকাপ উপভোগের সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে।
আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো–তে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উন্মাদনা। দল ঘোষণা, খেলোয়াড়দের প্রস্তুতি ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট নানা আলোচনায় সরগরম ক্রীড়াঙ্গন। তবে বিশ্বের অন্যতম বৃহৎ দর্শকবাজার ভারতজুড়ে বিশ্বকাপের আনুষ্ঠানিক সম্প্রচার নিয়ে কয়েক সপ্তাহ ধরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে বিভিন্ন জটিলতা কাটিয়ে সম্প্রচার স্বত্বের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চুক্তির মূল্য প্রায় ৩০ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছে। যদিও শুরুতে ফিফা ভারতীয় বাজার থেকে প্রায় ১০০ মিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল।
বিশ্লেষকদের মতে, প্রত্যাশার তুলনায় অনেক কম মূল্যে চুক্তি সম্পন্ন হওয়ায় ফিফার সম্ভাব্য বাণিজ্যিক আয়ে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তবে ভারতীয় বাজার ধরে রাখতে সংস্থাটি নমনীয় কৌশল গ্রহণ করেছে বলেও ধারণা করা হচ্ছে। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, অন্যান্য বড় সম্প্রচার প্রতিষ্ঠান আগ্রহ কমিয়ে দেওয়ার পর জি এন্টারটেইনমেন্ট ভারতীয় বাজারে ২০২৬ এবং ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখছে।
ফুটবলের জনপ্রিয়তা সাম্প্রতিক বছরগুলোতে ভারতে দ্রুত বৃদ্ধি পেয়েছে। ইউরোপিয়ান ক্লাব ফুটবল এবং বিশ্বকাপের বিপুল দর্শকসংখ্যা দেশটিকে ফিফার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বাজারে পরিণত করেছে। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্ম ও টেলিভিশন দর্শকের সংখ্যা বাড়ায় ভারতীয় বাজার এখন আন্তর্জাতিক সম্প্রচারকারীদের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
শুধু ভারত নয়, এশিয়ার আরও কয়েকটি দেশের ক্ষেত্রেও সম্প্রচার স্বত্বে নমনীয়তা দেখাচ্ছে ফিফা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীন আগের বিশ্বকাপগুলোর তুলনায় প্রায় ৮০ শতাংশ কম মূল্যে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিশ্চিত করেছে।
গত ১৫ মে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আনুষ্ঠানিকভাবে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপ চক্রের জন্য ফিফার সঙ্গে বহুবর্ষী চুক্তি স্বাক্ষর করে। এর আওতায় ২০২৬ পুরুষ বিশ্বকাপের একচেটিয়া সম্প্রচার স্বত্ব তারা প্রায় ৬০ মিলিয়ন ডলারে পেয়েছে বলে জানা যায়।
যদিও চীনা বাজার থেকে দুই বিশ্বকাপ মিলিয়ে প্রায় ৩০০ মিলিয়ন ডলার আয় করতে চেয়েছিল ফিফা। ফলে এশিয়ার বড় বাজারগুলোতে কম মূল্যে স্বত্ব বিক্রির কারণে সংস্থাটির বাণিজ্যিক কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।