ঈদুল আজহা উপলক্ষে কলেজের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে সামনে রেখে সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকায় সংশোধন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কলেজ পর্যায়ে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে ২২ মে (শুক্রবার) থেকে এবং তা চলবে ৬ জুন ২০২৬ পর্যন্ত। সংশোধিত তালিকায় সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ১০ দিনের ছুটি নির্ধারণ করা হলেও শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ছুটি দাঁড়াচ্ছে ১৬ দিন। এর আগে ৩০ ডিসেম্বর ২০২৫ প্রকাশিত শিক্ষাপঞ্জিতে ২৪ মে থেকে ছুটি শুরুর কথা উল্লেখ ছিল। তবে নতুন সংশোধিত তালিকায় ছুটি দুই দিন এগিয়ে এনে ২২ মে থেকে কার্যকর করা হয়েছে।
ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার (২১ মে) ক্লাস শেষে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হয়। কারণ ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় অধিকাংশ প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস ছিল ২১ মে।
শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজে ২৪ মে থেকে আনুষ্ঠানিক ছুটি কার্যকর হয়েছে।
ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে আগামী ৭ জুন রোববার থেকে পাঠদান পুনরায় শুরু হবে। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের অবকাশ পাচ্ছেন।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির সময় আরও দীর্ঘ করা হয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোয় ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার ক্লাস শুরু হবে। এতে মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদযাত্রা, পারিবারিক সময় কাটানো এবং গ্রীষ্মকালীন বিশ্রামের বিষয় বিবেচনায় রেখে এ ছুটির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।