ঈদ আয়োজনে চ্যানেল আইয়ে ‘ছোটকাকু’ আফজাল হোসেনের পরিচালনায় প্রথমবার মম
প্রতি ঈদেই দর্শকদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হয় জনপ্রিয় শিশুতোষ ধারাবাহিক ‘ছোটকাকু’। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে এবার আসছে নতুন কিস্তি ‘কিশোরগঞ্জের কিশোরদল’। তবে এবারের আয়োজনকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ভিন্ন এক কারণে। এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো কিংবদন্তি নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেনের পরিচালনায় অভিনয় করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।
সম্প্রতি কিশোরগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে শেষ হয়েছে নাটকটির শুটিং। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ‘ছোটকাকু’ সিরিজ অবলম্বনে নির্মিত আট পর্বের এই গোয়েন্দাধর্মী নাটকের নাট্যরূপ দিয়েছেন মাসুম রেজা। নাটকটি পরিচালনা করেছেন আফজাল হোসেন। সহকারী পরিচালক হিসেবে ছিলেন আরিফ খান।
বর্তমানে আফজাল হোসেন দিল্লিতে অবস্থান করলেও এরই মধ্যে নাটকটির পোস্ট-প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, আহসান হাবিব নাসিম, তাহমিনা সুলতানা মৌ, শাহেদ আলী, তানভীর হোসেন ও মারিয়া ফারিহা উপমাসহ আরও অনেকে। অভিনয়ের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা যাবে আফজাল হোসেনকে।
‘ছোটকাকু’ সিরিজ নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে আফজাল হোসেন বলেন, ছোটবেলা থেকেই দুঃসাহসিক অভিযানভিত্তিক গল্পের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। সেই ভালো লাগা থেকেই দীর্ঘদিন ধরে ‘ছোটকাকু’ সিরিজের সঙ্গে যুক্ত থাকা। শিশুদের জন্য দেশে তুলনামূলক কম কাজ হওয়ায় এই ধরনের নির্মাণে তিনি আলাদা আনন্দ খুঁজে পান বলেও জানান।
অন্যদিকে, আফজাল হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন মম। তিনি বলেন, “আফজাল হোসেন আমাদের দেশের সম্পদ। একজন শিল্পীর কাছ থেকে কী চান, সেটা তিনি খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারেন। একজন পরিচালক ও অভিনয়শিল্পীর মধ্যে এই যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ।” মম আরও জানান, নাটকটির জন্য তিনি দুই দিন শুটিং করেছেন এবং সম্প্রতি শেষ হয়েছে তার অংশের কাজ।
চ্যানেল আইয়ের ঈদ আয়োজনের অংশ হিসেবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’ প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে।