মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভবিষ্যতে ইসরাইলের প্রধানমন্ত্রী পদে নির্বাচনে লড়ার কথা ভাবছেন তিনি। স্থানীয় সময় বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ট্রাম্প।
তিনি দাবি করেন, ইসরাইলে তার জনপ্রিয়তা অত্যন্ত বেশি। ট্রাম্প বলেন, “এই কাজ শেষ করার পর হয়তো আমি ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমার সমর্থন ৯৯ শতাংশ। এটা তো বেশ ভালো।”
তবে তিনি কোন জরিপের কথা উল্লেখ করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি। এ নিয়ে হোয়াইট হাউসও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান যুদ্ধকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেও ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।
ইরান পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তিনি ভালো আছেন। তিনি খুব ভালো মানুষ। আমি যা চাই, তিনি তাই করবেন।”
এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছিলেন। যদিও সম্ভাব্য সমঝোতার অগ্রগতির কথা উল্লেখ করে তিনি সাময়িকভাবে হামলার সিদ্ধান্ত স্থগিত রাখার কথাও জানান।
নেতানিয়াহুকে “যুদ্ধকালীন প্রধানমন্ত্রী” উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমার মতে, ইসরাইল তাকে যথাযথ মূল্যায়ন করে না। তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী এবং তিনি আরও সম্মান পাওয়ার যোগ্য।”
তথ্যসূত্র: USA Today