চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের সাংগঠনিক কমিটি দ্রুত গঠনের দাবিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করে অরণ্য নিউজে একটি খোলা চিঠি পাঠিয়েছেন মো. জসিম উদ্দিন। তিনি ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীদের পক্ষে এ দাবি জানিয়েছেন। খোলা চিঠিতে দীর্ঘদিন সাংগঠনিক কমিটি না থাকায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা, অনিশ্চয়তা ও ক্ষোভ সৃষ্টির অভিযোগ তুলে যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচনের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও ফরিদগঞ্জ উপজেলা বিএনপি এবং গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক কমিটি গঠিত হয়নি। ফলে দলের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করা নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা যথাযথ সাংগঠনিক দায়িত্ব ও নেতৃত্বের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী, ফরিদগঞ্জের জনপ্রিয় নেতা লায়ন মো. হারুনুর রশিদের পক্ষে তৃণমূলের অসংখ্য নেতাকর্মী আন্তরিকতা, নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। তবে জেলা পর্যায়ের কিছু নেতার অসহযোগিতা এবং দলীয় অভ্যন্তরীণ বিভেদের কারণে নির্বাচনে কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়নি বলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অভিযোগ ও অসন্তোষ রয়েছে বলেও দাবি করা হয়েছে।
খোলা চিঠিতে আরও বলা হয়, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন কমিটি না থাকায় ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মধ্যে নেতৃত্বের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দলের সাংগঠনিক ভিত্তি আরও দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। চিঠিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিনীত আবেদন জানিয়ে বলা হয়, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান সাংগঠনিক পরিস্থিতি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বিশেষ করে দলের দুঃসময়ে পরীক্ষিত, যোগ্য, সৎ ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনে সংশ্লিষ্ট সাংগঠনিক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের আহ্বান জানানো হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিএনপির চেয়ারম্যানের সময়োপযোগী সিদ্ধান্ত ও কার্যকর সাংগঠনিক উদ্যোগের মাধ্যমে ফরিদগঞ্জে দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা দূর করা সম্ভব। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আস্থা ও উদ্দীপনা ফিরে আসবে এবং পারস্পরিক বিভেদ নিরসনের মাধ্যমে দল আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে উঠবে।
খোলা চিঠির শেষাংশে ফরিদগঞ্জের তৃণমূল নেতাকর্মীদের প্রাণের দাবি তুলে ধরে বলা হয়, আর বিলম্ব নয়, যোগ্য ও ত্যাগী নেতৃত্বের সমন্বয়ে অবিলম্বে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হোক। চিঠির প্রেরক মো: জসিম উদ্দিন আশা প্রকাশ করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। তাঁর বিচক্ষণ নেতৃত্ব ও সময়োপযোগী সিদ্ধান্তে ফরিদগঞ্জের তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে।
সংবাদ ও খোলা চিঠির প্রেরক: মো. জসিম উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীদের পক্ষে, ফরিদগঞ্জ, চাঁদপুর।
যোগাযোগ: ০১৭০১ ৭৮৯ ১৯৯